আদালতের নির্দেশনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ঢাকা,নারায়ণগঞ্জ,গাজীপুর, গোপালগঞ্জ,ফরিদপুর ও চট্রগ্রাম জেলায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বে-আইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকিও তৈরি হতে পারে।
এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এসব জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচির প্রচারণা চালানোর খবর পাওয়া যায়। বিষয়টি নজরে রেখে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে বলে দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
প্রশাসনের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরহস্তে দমন করা হবে।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জনগণকে কোনরূপ গুজবে কান না দিয়ে শান্ত থাকার আহ্বান জানানোর পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।