পিরোজপুরের কাউখালীতে উপজেলার বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছে নদী থেকে ধরা পাঙ্গাস মাছের পোনা। এতে দেশীয় প্রজাতির নদীর মূল্যবান পাঙ্গাস মাছ বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে ।
বিশেষ করে উপজেলার আমরাজুরী ফেরিঘাট বাজার, উত্তর বাজার ও দক্ষিণ বাজার সহ বিভিন্ন হাট-বাজারে প্রকাশ্যে এসব মাছ কেনাবেচা হলেও কার্যকর তদারকির অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালীর ৫টি নদী ও খাল থেকে জেলেরা সূক্ষ্ম জাল ও বরশি ব্যবহার করে বিপুল পরিমাণ পাঙ্গাসের পোনা আহরণ করছেন। পরে অসাধু মাছ ব্যবসায়ীরা এসব পোনা বাজারে এনে বিক্রি করছেন। অনেক ক্ষেত্রে ক্রেতাদের বিভ্রান্ত করতে পাঙ্গাসের পোনাকে ‘শিলং’ বা ‘টেংরা’ মাছ বলে বিক্রি করা হয়। ফলে সাধারণ মানুষও না বুঝে এসব মাছ কিনে নিচ্ছেন।
সংবাদকর্মী মাসুম বিল্লাহ বলেন, কাউখালীর সন্ধ্যা, কচা, কালীগঙ্গা, গাবখান ও চিড়াপাড়া নদী ও বিভিন্ন খাল থেকে জেলেরা এই পোনা ধরে কিছু অসাধু ব্যবসায়ীদের দিয়ে বেশি লাভের আশায় পাঙ্গাসের পোনা বিক্রি করছে। অনেক সময় এগুলো অন্য মাছের নাম বলে বিক্রি করা হয়। জনসচেতনতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি।
এ বিষয়ে কাউখালী উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, পাঙ্গাসের পোনা আহরণ ও বিক্রি মৎস্যসম্পদ সংরক্ষণের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কোথাও পাঙ্গাসের পোনা বিক্রির তথ্য পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।