ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. তামান্না তাসনীম।
পরে তিনি সচেতনতামূলক র্যালিতে অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেফাউল হক, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজগর হোসেন খান, তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী, কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
আয়োজকরা জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
ইউএইচএফপিও ডা. মো. হাবিবুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।