ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী নজরুল জয়ন্তী ও মেলা শুরু হচ্ছে আজ থেকে। নজরুল জন্মজয়ন্তী ও মেলা উপলক্ষে ত্রিশাল সেজেছে নতুন সাজে। সর্বত্র চলছে উৎসবের আমেজ। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগীতায় ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে আজ থেকে ২৫মে পর্যন্ত তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী ও মেলা অনুষ্ঠিত হবে।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, স্থানীয় সরকারি নজরুল একাডেমি মাঠে দেশের বিভিন্ন এলাকা থেকে দোকানিরা এসেছে। এ মেলায় বেচাকেনা ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসেছেন পণ্য নিয়ে। পসরা সাজিয়ে বসেছেন বেচাবিক্রিতে। নিত্য প্রয়োজনীয় গৃহস্থালির দা-বটি, বেলনা ও হাঁড়ি-পাতিল, আসবাবপত্র, পোড়া মাটি ও চীনা মাটির তৈজসপত্র, অরনামেন্টস, দেশি-বিদেশি পোশাক-পরিচ্ছেদ, খেলনা, মাটি, লোহা, তামা, পিতল, স্টিল, কাচ, কাঠ, বাঁশ ও বেতের জিনিস, প্রসাধনী, ঘর সাজানোর দ্রব্যাদি থেকে শুরু করে নানা কিছু সোভা পাচ্ছে মেলার স্টলে স্টলে।
আচার, চটপটি ও জিলাপি থেকে শুরু করে নানা রকমের মুখরোচক খাবারের স্টলেরও কোনও কমতি নেই নজরুল মেলায়। ক্রয়-বিক্রয় ছাড়াও নাগরদোলা, পুতুল নাচ, সার্কাস, যাদু ইত্যাদির আয়োজন করা হয়েছে বিনোদনের জন্য। মেলায় অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে বইয়ের স্টল। এছাড়াও মেলার মাঠ সংলগ্ন অডিটরিয়ামে তিন দিনব্যাপী আলোচনা সভা, নাটক, গান, কবিতা ও নৃত্যের ঝংকারে নজরুল সঙ্গীত শিল্পী, গবেষক এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর হবে এ আয়োজন।
মেলার প্রস্তুতি দেখতে আসা নজরুল ভক্ত স্থানীয় স্কুল পড়ুয়া শিক্ষার্থী সুমাইয়া, হাফসা, মালা, সুবর্ণা, লিয়া, তন্নী, মারিয়া ও ইসমত আরা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখনী মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জোগাত। স্বাধীনতাযুদ্ধে তার অবদান রয়েছে। কবি নজরুল আমাদের জন্য অহংকারের। ত্রিশালে কবি নজরুলের নামে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন রয়েছে। প্রতিবছর ১১ জৈষ্ঠ্য ত্রিশালে নজরুল জয়ন্তী হয়, যা আমাদের প্রাণের উৎসব। এ মেলায় পাশর্^বর্তি জেলাগুলো থেকে দর্শনার্থীরা আসে। তাই আমরা মেলার প্রস্তুতি দেখতে এখানে ঘুরতে এসেছি।
কসমেটিকস পণ্যের দোকানি মানিকগঞ্জ থেকে আসা মোতালেব হোসেন বলেন, অনেক বছর ধরে এই মেলায় কসমেটিকস পণ্য বেচাকেনা করি। প্রতিবছরই বেচাকেনা ভালো হয়। এবারও বেচাকেনা আশানুরূপ হবে প্রত্যাশা করছি। আগে ৫ দিনব্যাপী মেলা হতো। এখন তিন দিনব্যাপী মেলা হবে। এতে ব্যবসায়ীরা খুব একটা লাভবান হতে পারবেন না।
উপজেলা নির্বাহী অফিসার মো. জুয়েল আহমেদ জানান, মেলায় নিরাপত্তার জন্য পুলিশ, আনসার, গ্রাম পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করবেন। এছাড়াও মেলা এলাকায় স্কুলের সিসি ক্যামেরা রয়েছে তা দিয়ে আইনশৃঙ্খলা তদারকি করা হবে। নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ২৯মে উপজেলা পরিষদ নির্বাচন থাকায় নির্বাচনী কার্যক্রমে কোন প্রকার প্রভাব না পরার লক্ষ্যে এবছর দু’দিন পূর্বেই নজরুল জন্ম জয়ন্তী শুরু হয়ে শেষ হবে ২৫মে।