হাটহাজারীতে এক কিশোরী অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হাটহাজারী মডেল থানার মামলা নং-১৪, তারিখ ৯ জুন ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) এর ৭/৩০ ধারায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ২ ও ৩ নম্বর আসামি মোঃ নুরুল আলম (৩০) ও মোঃ শাহাদাত হোসেনকে (২২) গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ভিকটিম সুমাইয়া হাসান (১৩) ঈদের ছুটিতে নানার বাড়ি থেকে মায়ের বাড়িতে বেড়াতে আসে। গত ৮ জুন দুপুরে নিজ বাড়ির সামনে থেকে পূর্ব পরিকল্পিতভাবে পলাতক আসামি রবিউল আলম সহযোগীদের সহায়তায় মোটরসাইকেলে করে তাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
মামলার তদন্তকালে সীতাকুণ্ড থানা পুলিশের সহযোগিতায় গত ১৩ জুন সীতাকুণ্ডের ডাচ-বাংলা রোড এলাকায় ২ নম্বর আসামি নুরুল আলমের বাসা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। একই অভিযানে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক রুপন নাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার বিষয়ে তথ্য দিয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।