জালিয়াত চক্র ভুয়া প্রজ্ঞাপন জারি করে বেসরকারি ওয়ান ব্যাংকে চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। ২৯ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
ভুয়া প্রজ্ঞাপন ছড়িয়ে পড়ার দুই দিন পর, অর্থাৎ গত ৩১ মার্চ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রজ্ঞাপনটিকে ভুয়া আখ্যা দিয়ে প্রতিবাদ জানায়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারকে পাঠানো আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব এবিএম রওশন কবীর স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, প্রজ্ঞাপনটি ভুয়া এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিনের স্বাক্ষর জাল করে একটি অসাধু চক্র এ কাজ করেছে। চিঠিতে অসাধু চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
কোনও একটি কোড নম্বর ব্যবহার করে সরকারি প্রজ্ঞাপন যেভাবে জারি করা হয়, ভুয়া প্রজ্ঞাপনেও সেভাবেই একটি কোড নম্বর উল্লেখ করা হয়েছে।
ভুয়া প্রজ্ঞাপনে যে ‘বাংলাদেশ ব্যাংক আইন, ২০১৪’ এর কথা বলা হয়েছে, বাস্তবে এ ধরনের কোনও আইনই নেই দেশে। আর বেসরকারি ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান নিয়োগও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ করে না।
ভুয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক আইন, ২০১৪-এর ১১ ও ১২ ধারা অনুযায়ী জোহরা ন্যাচারাল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহিনুজ্জামানকে ওয়ান ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, ওয়ান ব্যাংকের বর্তমান চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান, যিনি ২০২১ সালের ২৯ জুন এ পদে নিয়োগ পান।