নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতাকে ৩০ দিনের আটকের আদেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) পৌনে সাতটার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
আটককৃতরা হলেন, জাতীয়বাদী শ্রমিক দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম (৫৫) এবং তরুণ দলের জেলা সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টি এইচ তোফা। তারা দুʼজনই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ দুই রাজনৈতিক নেতার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জের তেলের ডিপোতে চাঁদাবাজির অভিযোগ ছিল। বেশ কয়েকদিন ধরে তারা গোয়েন্দা নজরদারিতে ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাবার পর গতরাত সাড়ে বারোটার দিকে তাদের বাসা থেকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)।পরে বিকেলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য তাদের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে সোপর্দ করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী।
জেলা ম্যাজিস্ট্রেট তাদের ৩০ দিনের আটকাদেশ দিলে কারাগারে প্রেরণ করা হয় বলে জানান ওই কর্মকর্তা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেন,বিএনপি দলীয়ভাবে সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে আসছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এক্ষেত্রে দলীয়ভাবে আমাদের সহযোগিতা সবসময় থাকবে। তবে, চাঁদাবাজির অভিযোগ আরও অনেকের বিরুদ্ধে আছে, তাদেরও যেন আইনের আওতায় আনা হয়।