নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন আজ শুক্রবার (২৭ মার্চ) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বন্দেরা বায়তুল মামুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।
জুমার নামাজের পূর্বে খুতবার আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবার সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন।
বক্তব্যে হাজী আশরাফ উদ্দিন বলেন, আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন। আগামী পাঁচ বছরের জন্য আপনারা একজন যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করবেন—এটাই আমার প্রত্যাশা।
এ সময় তিনি মসজিদের সার্বিক উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে মসজিদের জন্য দুটি এয়ার কন্ডিশনার (এসি) প্রদান করেন। পরে মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের দ্বিতীয় তলার উন্নয়ন এবং ছাদ নির্মাণের জন্য আবেদন জানানো হলে তিনি ইতিবাচক সাড়া দেন।
জবাবে হাজী আশরাফ উদ্দিন বলেন, আপনারা আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই মসজিদের ছাদ নির্মাণ করে দেওয়া হবে। মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে কাজ করা আমার নেশা ও দায়িত্ব।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তিনি দিনব্যাপী গণসংযোগ কার্যক্রমও পরিচালনা করেন।
স্থানীয়রা জানান, হাজী আশরাফ উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তাঁর এ ধরনের উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে তারা উল্লেখ করেন।