বগুড়ার নন্দীগ্রামে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, অন্যথায় সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। এ দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট।
গতকাল মঙ্গলবার উপজেলা বেসরকারি মাধ্যমিক (স্কুল ও মাদ্রাসা) শিক্ষা পরিবারের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়। এর আগে তারা উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ বরাবর স্বারকলিপি প্রদান করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট উপজেলা শাখার সভাপতি কুন্দারহাট ইনছান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক পাঠান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, দামগাড়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম, বিজরুল বালিকা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ সামসুল হক, কালিশ-পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাহামুদুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের বৈষম্য দুরীরকরণে এবং বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণেব জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা একত্রিত হয়েছেন। শতভাগ বেতন-ভাতা প্রদান করার পরেও বেসরকারি বলাটাই বৈষম্য, এই বৈষম্যের অবসান চাই।