ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় এরশাদ আলী (৬০) নামে এক পানের দোকানি নিহত হয়েছেন।
আজ সোমবার ভোরে ফুলপুর-শেরপুর সড়কের গোদারিয়া প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী গোদারিয়া এলাকার বাসিন্দা। তিনি ফুলপুর বাসস্ট্যান্ডে “নুরু স্টোর”-এর সামনে দীর্ঘদিন ধরে পানের টং দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় শেষে ভোরে হাঁটাহাঁটির জন্য বের হন তিনি। সকাল আনুমানিক ৫টার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কভার ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। একই দিন দুপুর ২টায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।