ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাকেই প্রেসিডেন্ট হিসেবে বেছে নিলো বিশ্বব্যাংক। তাকে পাঁচ বছর মেয়াদে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচন করেছে ব্যাংকটির ২৫ সদস্যের নির্বাহী বোর্ড।
গত ফেব্রুয়ারিতে অজয় বাঙ্গাকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
২ জুন থেকে তার কার্যকাল শুরু হচ্ছে বলে জানিয়েছে ব্যাংকটি। জলবায়ু পরিবর্তন ও বিশ্ব অর্থনীতিতে চলমান সঙ্কটের সময়ে তার হাতে এই গুরুদায়িত্ব তুলে দেওয়া হচ্ছে।
এর আগের সপ্তাহেই বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে মেয়াদ শেষের একবছর আগেই পদত্যাগের ঘোষণা দেন ডেভিড ম্যালপাস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের আন্তর্জাতিক-বিষয়ক শীর্ষ কর্মকর্তা ছিলেন ম্যালপাস।
অজয় বাঙ্গার জন্ম ভারতের পুনেতে। বাবা হরভজন সিং বাঙ্গা ছিলেন ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্মকর্তা। ২০১০ সালে মাস্টারকার্ডের সিইও হন বাঙ্গা। এর আগে নেসলে, পেপসির মতো সংস্থার দায়িত্বে ছিলেন তিনি।
এই মুহূর্তে জেনারেল ইকুইটি নামের মার্কিন সংস্থায় ভাইস চেয়ারম্যান অজয়। সম্প্রতি বিশ্বব্যাংকের প্রধানের পদ থেকে ইস্তফা দেন ডেভিড ম্যালপাস। তারপর এই পদে বসলেন ভারতীয় বংশোদ্ভূত অজয়।