গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার উজিলাব এলাকায় গভীর রাতে এক কৃষকের প্রায় এক বিঘা জমির শসা ক্ষেত কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন বেপারী–এর। পরে শনিবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
গত ১৯ ফেব্রুয়ারি রাতে শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে কৃষক মোবারক হোসেনের প্রায় এক বিঘা শসা ক্ষেত গোড়া থেকে কেটে ফেলে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জমিতে গিয়ে এ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন তিনি। ভুক্তভোগী কৃষক মোবারক হোসেন উজিলাব এলাকার (ন্যাশনাল পোল্ট্রি সংলগ্ন) বাসিন্দা।
কৃষক মোবারক হোসেন জানান, কয়েক মাসের পরিশ্রম ও ধারদেনা করে তিনি শসা চাষ করেছিলেন। গাছে ফলন আসা শুরু হয়েছিল। ঠিক সেই সময় পুরো ক্ষেতের গাছের গোড়া কেটে দেওয়া হয়। এতে তার আনুমানিক প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, “আমি অনেক কষ্ট করে ঋণ নিয়ে এই শসা চাষ করেছি। ফলন আসতে শুরু করেছে—এই সময়েই সব গাছ কেটে দিল। এখন কীভাবে ঋণ শোধ করব? পরিবারের খরচই বা চলবে কীভাবে? যারা এটা করেছে, তারা আমার সর্বনাশ করে দিয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ক্ষেত ঘুরে দেখেন পৌর বিএনপি সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন বেপারী। তিনি কৃষকের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা শাহজাহান সরকার বলেন, “এটা কোনো সাধারণ দুষ্টুমি নয়। পরিকল্পিতভাবে গাছের গোড়া কেটে পুরো ক্ষেত নষ্ট করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কৃষকের কষ্টের ফসল নষ্ট করা মানে সমাজের ক্ষতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাশেই একটি খেলার মাঠ থাকায় কৃষক মোবারক হোসেন মাঠে খেলতে আসা কয়েকজন কিশোরকে সাবধানে খেলাধুলা করতে বলেছিলেন, যাতে ফসলের ক্ষতি না হয়। এ নিয়ে কিছু কিশোর ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।