গাজীপুরের শ্রীপুর রেললাইনের পাশ দিয়ে জেলা সদরের সঙ্গে সরাসরি ও সহজ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে নতুন একটি সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রস্তাবিত সড়কের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন অধ্যাপক এস এম রফিকুল ইসলাম এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)–এর প্রতিনিধিরা।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা সড়কের সম্ভাব্য রুট, জমির অবস্থা ও নির্মাণ-সংক্রান্ত কারিগরি দিকগুলো খতিয়ে দেখেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে জেলা সদরে যাতায়াতে সময় ও খরচ—দুটিই বেশি লাগে। নতুন সড়ক নির্মিত হলে এই ভোগান্তি অনেকাংশে কমবে।
উপজেলা সহকারী প্রকৌশলী তৌহিদ আহমেদ জানান, সড়কটি নির্মাণ হলে বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। এতে জেলা সদরের সঙ্গে উপজেলার দূরত্ব প্রায় ১০ কিলোমিটার কমে আসবে। তিনি বলেন, “সড়কটি বাস্তবায়িত হলে যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
এ বিষয়ে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন অবহেলিত থাকার পর এলাকার মানুষের চলাচল সহজ করতে এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করছি আগামী এক বছরের মধ্যে কাজ শুরু করা সম্ভব হবে।
তিনি আরও জানান, প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর এলজিইডি–এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক নির্মাণকাজ শুরু করার দাবি জানিয়েছেন।