কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। পরে গুরুদয়াল সরকারী কলেজ মাঠে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিফলকে বিভিন্ন স্তরের মানুষ পুষ্পার্ঘ অর্পন করেন। সকাল ৮টায় শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে শিশু-কিশোরদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়।
পরে উক্ত স্টেডিয়াম থেকে এক বিজয় র্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার
মোঃ আসাদ উল্লাহ প্রমুখ। বিকেলে মহিলা সমাবেশ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আলোকসজ্জা ও শিল্পকলা একাডেমীতে দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়।