বিশ্বজুড়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। আর এই ঈদুল ফিতর উপলক্ষে ধনী-গরীব সর্বস্তরের মানুষের মাঝেই ঈদ উৎসব ঘিরে আয়োজনেরও কমতি থাকে না। ঈদ মানেই নতুন জামা, নতুন পোশাক।
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পৌর শহরের দোকানিরা নতুন পোশাকে সাজিয়ে তুলছেন দোকানসহ শপিংমল। সেজন্যই উপজেলার পৌর এলাকাসহ উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে ঈদের জামা কাপড় কিনতে পৌর শহরে কাপড়ের দোকানে আসছেন নানা শ্রেণি পেশার মানুষ। ক্রেতাদের আগমনে এখন স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি ভিড়। পৌর শহরে এখনই ছড়িয়ে পড়েছে ঈদ আনন্দ। এবারের জমজমাট বেচাকেনায় খুশি ব্যবসায়ীরাও।
ঘাটাইল পৌর শহরের শপিং মল ও মার্কেট ঘুরে দেখা যায়, অন্যান্য বছরে তুলনায় ঈদের কালেকশন তুলনামূলকভাবে ভাল হলেও দাম আকাশ ছোঁয়া। উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত তাদের পছন্দ ও প্রয়োজনীয় মালামাল কিনে নিয়ে যান নিজ নিজ এলাকায়। শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, ওড়না, বোরকা, গজ কাপড়, জুতা, কসমেটিক্স সহ কোনো কিছুরই কমতি নেই দোকানগুলোতে। এবার বাচ্চাদের ও নারীদের পোশাকে বিভিন্ন রকম ডিজাইনে বৈচিত্র্য এসেছে বেশ।
উপজেলার পৌর শহরের শাড়ির দোকান ও থ্রি-পিচের দোকানসহ প্রতিটি মার্কেট ও ফুটপাতগুলোতে উপচে পড়া ভিড়। তবে ক্রেতাদের অভিযোগ বিক্রেতারা নানা অজুহাত দিয়ে প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন।
পৌর এলাকার বাজার রোডে অবস্থিত জাহানারা শপিং কমপ্লেক্স, কাদের কমপ্লেক্স, যে আলী কমপ্লেক্স, আকন্দ টাওয়ার মার্কেট, জনতা মার্কেট,ফালু হোসেন খান মার্কেট, টপ টেন, মম এন্ড বেবি, রাজু শপিং মল, মাজম সরকার মার্কেট,এস এস নিউ মার্কেটসহ কয়েকটি মার্কেট ও ফুটপাত ঘুরে দেখা গেছে ক্রেতাদের পদচারনায় মুখরিত দোকানগুলো। প্রতিটি মার্কেটের দোকানগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। তাছাড়া বিভিন্ন শপিংমলে চড়াদামে বিক্রি হচ্ছে ঈদের পোশাক। এছাড়াও আজাদ, বাটা, এপেক্স, আফজাল -সু, লোটো সহ জুতোর শোরুম গুলোতেও উপচে পড়া ভিড়।