চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশীয় মদ বিক্রি ও সেবনের অভিযোগে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশীয় মদ পান করার সময় অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রানা সদ্দার (পিতা: বিজয় সদ্দার), কালু সদ্দার (পিতা: বাতাস সদ্দার), মো. নাছির (পিতা: আমির আহমদ) ও সজল ঘোষ (পিতা: রবীন্দ্র ঘোষ)। এর মধ্যে রানা সদ্দার ও কালু সদ্দারকে ১০০ টাকা জরিমানা ও ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে মো. নাছির ও সজল ঘোষকে ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম চট্টগ্রাম থেকে এসে অভিযানে সহযোগিতা করে।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানিয়েছেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের অবস্থান কঠোর। তিনি বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান শুধু চলমানই নয়, ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিত এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।