খুলনার পাইকগাছায় বুলিং বা উৎপীড়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে এক আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে উপজেলার ফসিয়ার রহমান মহিলা কলেজ হলরুমে বুলিং প্রতিরোধে আলোচনা সভা ও সচেতনতা মুলক ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া।
ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বুলিং একটি সামাজিক ব্যাধি, যা শিশু-কিশোরদের মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। অনেক ক্ষেত্রে এটি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং পড়াশুনায় অনীহা সৃষ্টি করে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসাথে কাজ করে বুলিং প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
এ সময় বক্তারা আরও বলেন, বুলিংয়ের শিকার হলে তা গোপন না রেখে শিক্ষক বা অভিভাবকদের জানানো উচিত। এছাড়াও পাশাপাশি বুলিংকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয় সভায়।
উল্লেখ্য: অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মধ্যে বুলিং বিরোধী শপথ গ্রহণ করানো হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে একটি নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ শিক্ষা পরিবেশ গড়ে তোলা যায়।