বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রোববার (৩ মে) বেলা ১১ টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাব হল রুম প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক সাথী পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক খবর পটুয়াখালী’র সম্পাদক আব্দুস সালাম আরিফ এর সঞ্চালনা উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল এবং চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন। এসময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আইনগত জ্ঞান থাকা অত্যন্ত জরুরি, যা তাদের নিরাপত্তা ও কাজের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উক্ত দিবসটি উপলক্ষে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এছাড়াও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা হয়। এতে গণমাধ্যমকর্মীদের জন্য প্রচলিত আইনবিধি সম্পর্কে ধারণা প্রদান করা হয়, যা সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।