জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সানাকইর গ্রামে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সানাকেইর গ্রামের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম হারুনের স্ত্রী প্রতিবেশী মৃত উমর আলীর ছেলে নুরুল ইসলামের পরিবারের বিরুদ্ধে তাদের কলা গাছের পাতা কাটার অভিযোগ তোলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা সংঘর্ষে রূপ নেয়।
ভুক্তভোগী পক্ষের অভিযোগ, ঝগড়ার একপর্যায়ে হারুনের স্ত্রী তার বাবার বাড়ি থেকে হুমায়ুন ও রানাসহ ১০ থেকে ১২ জন লোক ডেকে আনেন। তারা দেশীয় অস্ত্র নিয়ে নুরুল ইসলাম ও তার স্ত্রী এবং বৃদ্ধা মাকে মারধর করেন। সংঘর্ষে হারুনের স্ত্রী ও তার ছেলে ফাহিমও আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে নুরুল ইসলামের স্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি, পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।