আন্তঃব্যাংক লেনদেনে বেড়েছে ডলারের দর। আন্তঃব্যাংকে সোমবার প্রতি ডলারের দর ৪০ পয়সা বেড়ে সর্বোচ্চ ১০৭ টাকা ৪০ পয়সায় বিক্রি হয়েছে। প্রবাসীদের থেকে সর্বোচ্চ ১০৭ টাকায় ডলার কেনার সিদ্ধান্তের পর কোনো দিন তা ১০৭ টাকার ওপরে ওঠেনি বলে জানা গেছে।
বেশি দরে ডলার কেনা ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় গত ১২ সেপ্টেম্বর থেকে ব্যাংকগুলো ডলারের সর্বোচ্চ দর ঠিক করছে। শুরুতে রেমিট্যান্সে ১০৮ টাকা এবং রপ্তানিতে ৯৯ টাকা দেওয়া হচ্ছিল। পরে রপ্তানিতে একটু বাড়িয়ে এখন ১০৫ টাকা এবং রেমিট্যান্সে ১০৭ টাকায় নামানো হয়েছে। এ ছাড়া রপ্তানি ও রেমিট্যান্স কেনার গড় দরের সঙ্গে সর্বোচ্চ ১ টাকা যোগ করে আমদানি এবং আন্তঃব্যাংকে বিক্রির সিদ্ধান্ত হয়।
জানা গেছে, বৈদেশিক মুদ্রার সংকটের কারণে অনেক ব্যাংক প্রবাসী আয়ে এখন ১১৩ থেকে ১১৪ টাকা দর দিচ্ছে। বাড়তি দরে কেনা ডলার আমদানিকারকদের কাছে বিক্রি করছে ১১৫ থেকে ১১৬ টাকায়। অবশ্য এ বিষয়ে গত রোববার বেসরকারি খাতের ১০টি ব্যাংকের সঙ্গে বৈঠক করে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর পরদিন আন্তঃব্যাংকে ডলারের দর বাড়ল।