স্পেন বিশ্বের শীর্ষ অলিভ অয়েল উৎপাদক ও রফতানিকারক। লম্বা সময় ধরে খরার প্রভাবে বিপর্যস্ত দেশটির অলিভ অয়েল খাত, যা নেতিবাচক প্রভাব ফেলেছে আন্তর্জাতিক বাজারেও। সম্প্রতি পণ্যটির দাম বেড়ে ২৬ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
অলিভ অয়েলের দাম গত বছরের জুনের পর থেকে এখন পর্যন্ত ৬০ শতাংশ বেড়েছে। দাম আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। গত গ্রীষ্ম থেকেই ভয়াবহ খরায় নাকাল স্পেন। ফলে অলিভ অয়েলের বৈশ্বিক সরবরাহ হুমকির মুখে পড়েছে। হু হু করে বাড়ছে দাম।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্যমতে, অলিভ অয়েলের বৈশ্বিক গড় দাম টনপ্রতি ৫ হাজার ৯৮৯ ডলার ৮ সেন্টে উন্নীত হয়েছে, যা ২৬ বছরের মধ্যে সর্বোচ্চ।
জঁ ভিলার নামে এক বিশ্লেষক অলিভ অয়েল টাইমসকে বলেন, ‘আমরা একটি নজিরবিহীন পরিস্থিতির মধ্যে দিন পার করছি। এর আগে এটি এত বেশি দামে কখনো বিক্রি হয়নি।’
অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে স্পেনে অলিভ সংগ্রহ চলে। এ বছর দেশটিতে স্বাভাবিকের তুলনায় ৫০ শতাংশ কম অলিভ উৎপাদন হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, টানা ৩৬ মাস ধরে স্বাভাবিক গড় মাত্রার চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। ফলে অলিভ উৎপাদন নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। বিশ্লেষকরা জানান, বৃষ্টির পরিমাণ না বাড়লে এর দাম কমার সম্ভাবনা নেই।