সূর্যমুখী ও সয়াবিন তেলের আমদানিকে সাময়িকভাবে শুল্কমুক্ত রাখার অনুমোদন দিয়েছে ভারত। ৩১ মার্চের আগে আসা চালান আগামী জুন পর্যন্ত এ সুবিধা পাবে। আমদানি নীতিমালার জেরে বন্দরগুলোয় হাজারো জাহাজ আটকে পড়ার কারণে সম্প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বছরের শুরুর দিকে ভারত ২০ লাখ টন অপরিশোধিত সূর্যমুখী ও সয়াবিন তেল আমদানিকে শুল্কমুক্ত রাখার খসড়া প্রণয়ন করে। তবে সরকারের ঘোষিত সীমারেখার আগেই যেসব কার্গো ভর্তি করা হয়েছিল, এমন ৯০ হাজার টন ভারতীয় বন্দরে ও ১ লাখ ৮০ হাজার টন ট্রানজিটে আটকে পড়েছে। সানভিন গ্রুপের প্রধান নির্বাহী সন্দীপ বাজোরিয়া বলেন, ‘কয়েক সপ্তাহে বেশকিছু চালান বন্দরগুলোয় আটকে আছে। এ ঘোষণার মাধ্যমে সেগুলো প্রবেশ করার সুযোগ লাভ করবে।’ এদিকে সলভেন্ট এক্সট্র্যাক্টর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার নির্বাহী পরিচালক বিভি মেহতা দাবি করেছেন, ভারত সাধারণত আর্জেন্টিনা, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে সয়াবিন তেল আমদানি করে। বিপরীতে রাশিয়া ও ইউক্রেনের কাছ থেকে সূর্যমুখী তেল কিনে থাকে।