মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চাঞ্চল্যকর ও আলোচিত রুবেল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ওমর আলী দীর্ঘ ২০ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব। গ্রেপ্তারের পর আসামী ওমর আলীকে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) সকাল ১০ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম আরিফ হোসেন। এর আগে শনিবার দিবাগত রাতে তাকে ঢাকার সাভার উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ওমর আলী ও ভিকটিম রুবেল একই এলাকায় বসবাস করতেন। ভিকটিম রুবেলের বাবা সামছুল হকের সাথে আগে থেকেই জমি-জমা নিয়ে ওমর আলীর বিরোধ ছিল। ২০০১ সালের ২৪ এপ্রিল সকাল ১০ টার দিকে জমির চাষাবাদকে কেন্দ্র করে ভিকটিম রুবেল ও ভিকটিমের বাবা সামছুল হকের সাথে ওমর আলীর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। বিরোধের জের ধরে ২০০১ সালের ২৬ এপ্রিল রুবেলকে রওশন আলীর মাঠে একা পেয়ে পূর্ব থেকে ওৎপেতে থাকা ওমর আলী ও তার সহযোগী ইব্রাহিম, রাজ্জাক, হানিফসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিম রুবেলকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ওই মাঠের দক্ষিণ পাশের নালায় বস্তায় বেধে ফেলে দিয়ে পালিয়ে যায়।
ভিকটিমের বাবা সামছুল হক তার ছেলেকে কোথায় খুঁজে না পেয়ে সিংগাইর থানায় একটি নিখোঁজ ডায়রী করেন।
গ্রেফতারকৃত আসামীরা ১৭ মাস কারাবাস শেষে জামিনে মুক্তি পায়। আসামী ওমর আলী জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যায়।
লে. কমান্ডার এম আরিফ হোসেন জানান, পলাতক আসামী ওমর আলী মামলা বিচারাধীন থাকা অবস্থায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে গত ২০ বছর যাবৎ পলাতক ছিলেন।