দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি থেকে যাবতীয় বিনিয়োগ সেবা দেবে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার কনফারেন্স হলে আয়োজিত সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি।
তোফাজ্জল হোসেন মিয়া বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশি-বিদেশি সব ধরনের বিনিয়োগ খুবই প্রয়োজন, বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে, সেই সঙ্গে পুঁজিও বাড়বে। তাই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের আন্তর্জাতিক মানের উন্নত বিনিয়োগ সেবা দিতে হবে। বিডায় নিবন্ধিত সব প্রতিষ্ঠানের জন্য একটি সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি হিসেবে সব সেবা একীভূত করে বিনিয়োগকারীদের দেবে বিডা।
তিনি বলেন, সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স, ওয়াসা, বিদ্যুৎ, আরজেএসসি অ্যান্ড এফের নেম ক্লিয়ারেন্স, ই-টিনসহ যাবতীয় বিনিয়োগ সেবা বিনিয়োগকারীরা বিডা ওএসএসের মাধ্যমে পাবেন। সে ক্ষেত্রে বিনিয়োগকারী শুধু একবার বিডার ওএসএসে ডিজিটাল তথ্য দিলেই চলবে।
বিনিয়োগকারীদের বিনিয়োগ সেবা গ্রহণের জন্য অন্য কোনো প্রথিষ্ঠানে পৃথকভাবে যাওয়া ও তথ্য দেওয়ার প্রয়োজন নেই।
প্রধানমন্ত্রীর এ মুখ্য সচিব বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বর্তমান সময়ে প্রশ্ন হলো-আমরা স্বচ্ছভাবে কত দ্রুত বিনিয়োগ সেবা দিতে পারি?আন্তর্জাতিক চাহিদা আনুসারে আমাদের সেভাবেই বিনিয়োগ সেবা দিতে হবে। শুধু বিনিয়োগ সেবা দেওয়া নয়, বিনিয়োগকারীদেরও পৃথক প্রতিষ্ঠানে যাওয়া বাদ দিয়ে বিডার সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি থেকে যাবতীয় সেবা নেওয়ার মানসিকতা থাকতে হবে। এ সময় তিনি সব বিনিয়োগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রতিবন্ধতা কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিডা ওএসএস সেবা সংযুক্তির জন্য আহ্বানও জানান।
বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, বর্তমানে বিডা বিনিয়োগকারীদের ২৩ প্রতিষ্ঠানের ৬৭টি বিনিয়োগ সেবা দিয়ে আসছে। দ্রুত ৪৪ প্রতিষ্ঠানের ১৫৫টি সেবা বিনিয়োগকারীদের দেওয়া সম্ভব হবে। সেই লক্ষ্যে অন্যান্য বিনিয়োগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা বিডা ওএসএসে একীভূত করার কাজ করে চলমান। যাতে বিনিয়োগের ক্ষেত্রে বিডা ওএসএস থেকে দ্রুত হ্যাসেল ফ্রি সব সেবা বিনিয়োগকারীরা পান, সেই পদক্ষেপ নেওয়া হয়েছে।