নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ অস্ত্র ও গুলিসহ মোঃ ফারুক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ ফারুক (পিতা: মানিক মিয়া) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে ফারুককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ। এ সময় তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক, এসআই সেলিম, এসআই আরিফ ও এসআই পারভেজসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃত ফারুককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে কোনো অপরাধ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।