গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাহবুর রহমান (২৮) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। বোরো ধান মাড়াইয়ের জন্য ফ্যান দিয়ে তা পরিষ্কার করার সময় বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মাহবুর রহমান উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মাহাবুর রহমান ওই সময় নিজ বাড়িতে বোরো ধান মাড়াই করছিলেন। এই ধানগুলো পরিষ্কার করার জন্য বৈদ্যুতিক ফ্যান চালু করতে যান তিনি। এ সময় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান মাহাবুর।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ফরিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হাসিনা বেগম বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। এমন মৃত্যু খুবই দুঃখজনক বিষয়। এ ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে সবার সাবধানতা অবলম্বন করা উচিত।