গত ১০ শে মার্চ জামালপুর আদালত চত্বরে আইনজীবী ও ছাত্র জনতা মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে বিজ্ঞ আদালতের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে আইনজীবীদের ওপর আকস্মিকভাবে হামলা চালিয়েছে। এই হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জামালপুরের আইনজীবীরা।
আজ সকালে জামালপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাত রেজুয়ান বাবু, সহ-সভাপতি এডভোকেট আব্দুল আওয়াল, এডভোকেট জামিল হাসান তাপস ও সদস্য এডভোকেট আছিমুল ইসলাম।
বক্তারা বলেন, “আদালতে সবার ন্যায়বিচার চাওয়ার অধিকার রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন চাওয়ার কারণে হামলার ঘটনা ন্যক্কারজনক। ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী আইনজীবীদের ওপর হামলা চালিয়েছে এবং তাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। এরা আইনজীবীদের অপহরণ করার চেষ্টা করেছে। জেলা পুলিশকে জানানো হলেও নির্ধারিত সময়ে জামালপুর পুলিশ কোনো সহযোগিতা করেনি। এই সন্ত্রাসীরা আইনজীবী সমিতির অফিসসহ আইনজীবীদের অফিসে প্রকাশ্যে হামলা চালানোর হুমকি দিচ্ছে। আমরা যদি নূনতম হামলার শিকার হই, তবে এর দাঁতভাঙা জবাব দিতে বাধ্য হবো।”
উল্লেখ্য, গতকাল দুইটি ধর্ষণের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করে ছাত্র-জনতা। মানববন্ধন শেষে তারা ধর্ষণ মামলার আসামীর পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলতে যায়। এ সময় অভিযুক্ত এক আসামীর বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীর সঙ্গে ছাত্র-জনতার বাকবিতণ্ডা হয় এবং পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পরিণত হয়। সংঘর্ষে সিনিয়র আইনজীবী খলিলুর রহমান, বারের সহ-সভাপতি আব্দুল আওয়াল, শাহজাহান আলী ও ছাত্রসহ অন্তত ৮ জন আহত হন।