টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন সফল করতে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে এক ওরিয়েন্টেশন কর্মশালা। মঙ্গলবার ৩০ শে সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাছিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু এবং জেলা তথ্য অফিসের সিনিয়র অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন।
বক্তারা বলেন, টাইফয়েড একটি গুরুতর সংক্রামক রোগ হলেও নিয়মিত টিকা গ্রহণের মাধ্যমে এটি সহজেই প্রতিরোধ করা সম্ভব। তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
কর্মশালায় জানানো হয়, এবারের ক্যাম্পেইনে জামালপুর জেলায় ৬ লাখ ৩৫ হাজার ৩২২ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।