জামালপুরে সরকারি ভাবে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ দুপুরে সিংহজানী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস।
এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিনাত শামছুন্নাহার সুলতানা ও সিংহজানী খাদ্য গুদামের এসএমও ইসরাত আহমেদসহ মিল মালিক ও কৃষকরা।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান জানান, চলতি মৌসুমে জেলায় সরকারি ভাবে ৭ হাজর ৫৮১ মেট্রিক টন ধান, ১৫ হাজার ৬২৯ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৮৭২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চুক্তিবদ্ধ ১৫১ জন চালকল মালিক সরকার নির্ধারিত ৪৭ টাকা কেজি দরে সেদ্ধ চাল, ৪৬ টাকা কেজি দরে আতপ চাল, এবং কৃষকরা ৩৩ টাকা কেজি দরে ধান সরবরাহ করবেন। একজন কৃষক সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান সরবরাহ করতে পারবেন।