জামালপুর ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের লাইসেন্স নবায়ন ফি কমানোসহ পাঁচ দফা দাবিতে চালক ও মালিকদের ডাকে ধর্মঘট চলছে। শনিবার (২ নভেম্বর) সকাল থেকে ইজিবাইক ও অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে এ ধর্মঘট শুরু হয়, যা দুপুর ১টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
ধর্মঘটের কারণে সকাল থেকে শহরের রাস্তায় বন্ধ রয়েছে সব ধরনের ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।
দুপুরে শহরের গেইটপাড়া এলাকা থেকে অটোরিকশা চালক ও মালিকদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জামালপুর পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকায় প্রায় সাড়ে ৭ হাজার ইজিবাইক ও অটোরিকশাকে লাইসেন্স দেওয়া হয়েছে। তবে বর্তমানে শহরে ১০ থেকে ১৫ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে।
অটোরিকশা চালক ও মালিকদের পাঁচ দফা দাবিগুলো হলো ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স নবায়ন ফি কমানো, ২নতুন করে লাইসেন্স প্রদান বন্ধ রাখা, গাড়ি রং করার সিদ্ধান্ত বাতিল করা, যানজট নিরসনে শহরের প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করা, লাইসেন্সবিহীন গাড়ির চলাচল বন্ধ করা।
ধর্মঘটের বিষয়ে সংগঠনের নেতারা জানান, কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।