১০ শে মার্চ আজ সোমবার দুপুরে জেলা আদালত চত্ত্বরে আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে৷ জানা গেছে, সম্প্রতি ইসলামপুর ও দেওয়ানগঞ্জে দুইটি ধর্ষণের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ।
মানববন্ধন শেষে ওই ধর্ষন মামলা দুটির আসামীর পক্ষের আইনজীবীদের সাথে কথা বলতে যায় তারা। এসময় অভিযুক্ত এক আসামীর বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বাকবিতন্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলায় প্রবীণ আইনজীবী খলিলুর রহমান, আইনজীবী সমিতির সহ-সভাপতি আব্দুল আওয়াল, শাহজাহান আলী আহত হন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে ইমন, ইশান, মোয়াজ, হৃদয়, তারেক, শিশির আহত হয়।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রিশাদ রেজওয়ান বাবু সাংবাদিকদের জানান, আদালতে ন্যায়বিচার চাওয়ার অধিকার সবার রয়েছে। আইনজীবীর ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হামলার ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।