জীবনের সর্বস্ব দিয়ে হলেও দুর্নীতি, মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত একটি আধুনিক ও শান্তিপূর্ণ জামালপুর গড়তে চান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।
বুধবার বিকেলে জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে তিনি ঢাকা থেকে জামালপুর ফেরার পথে ঘোড়াধাপ, ভারুয়াখালী, গোপালপুর, লাহিড়িকান্দা, নান্দিনা, শরিফপুর, তমালতলা চত্বরসহ অন্তত ৩০টি স্থানে নির্বাচনী পথসভায় অংশ নেন। এসব সভায় তিনি বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
পথসভাগুলিতে সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনসহ জেলা বিএনপি, সদর উপজেলা ও শহর বিএনপি এবং অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে জামালপুর ফেরার সময় মহাসড়কের দুই পাশে হাজারো নেতা-কর্মী ও সমর্থক তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ভালোবাসায় আপ্লুত শাহ ওয়ারেছ আলী মামুন সকালে চরাকাঠি সীমান্তে পৌঁছালেও মাত্র ২৭ কিলোমিটার পথ অতিক্রম করে শহরে পৌঁছাতে সারাদিন লেগে যায়, কারণ পথে পথে সমর্থকদের উচ্ছ্বাস ও জনসমাগমে থেমে থেমে তাকে অভ্যর্থনা জানানো হয়।