জামালপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার নারায়নপুর এলাকার সিএনজি চালক আব্দুর রাজ্জাক, আদর্শ বটতলা এলাকার মৃত মনসফ আলীর ছেলে নুর জাহাঙ্গীর আলম (অথবা আলম মিলিটারি), ময়মনসিংহের ফুলবাড়ীয়ার মহর উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম, জামালপুর পৌর শহরের গেটপার এলাকার মেদু শেখের ছেলে আব্দুল করিম আলাল এবং সরিষাবাড়ী উপজেলার নখদাইর এলাকার আমজাদ ফকিরের ছেলে এনাম ফকির।
জানা গেছে, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজির সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ চারজন নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে জামালপুরের দিকে আসা যাত্রীবোঝাই সিএনজিকে চাপা দেয় সরিষাবাড়ী থেকে ঢাকামুখী একটি ট্রাক। দুর্ঘটনায় নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।