জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে প্রায় ৯৫০টি সাগর কলার গাছ কেটে নষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন। এতে কৃষক মো. সোহেল রানার প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতের এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মো. সোহেল রানা জানান, “১৫ থেকে ২০ দিনের মধ্যে কলাগুলো পরিপক্ব হয়ে উঠতো, তখন আমি সেগুলো বিক্রি করতে পারতাম। আমি কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে এই বাগান করেছিলাম। কিন্তু তারা আমার বাগানটি নষ্ট করে দিয়েছে। এখন আমি সর্বশান্ত হয়ে পড়েছি, আমি জানি না কি করবো বা কোথায় যাবো।” এভাবে অশ্রুসিক্ত কণ্ঠে কথা বলছিলেন সোহেল রানা।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী একই এলাকার মফিজুল, ফারুক, নাজমা, আসমা, মৌসুমি এবং আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, তারা কোন কিছু বুঝে ওঠার আগেই আব্দুল মান্নান ও তার ছেলে আবু সাঈদসহ ৫-৬ জন লোক এসে কলাগাছগুলো নির্মমভাবে কেটে ফেলে। এতে সোহেলের ব্যাপক ক্ষতি হয়েছে। তারা এসব ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।