জামালপুর শহরে তিনটি ট্রাকে করে ২৪ বোতল বিদেশি মদ ও ১,৪৩৪ বোতল ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের জামালপুর মেডিকেল কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।
পরে সদর থানা চত্বরে রাতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন— আবদুল মালেক, আজিজুর রহমান বাবু ও হাফিজুর রহমান। আটক তিনজনের বাড়ি জেলার মেলান্দহ উপজেলায়। তাদের মধ্যে খোকনের বিরুদ্ধে মেলান্দহ থানায় চুরির মামলা রয়েছে। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তিনটি ট্রাকসহ ২৪ বোতল বিদেশি মদ ও ১,৪৩৪ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়।
এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা। সেই সঙ্গে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।