জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা এবং খুন-গুমের নির্দেশদাতা যেসব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিচার প্রক্রিয়ার রায় যদি আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হয়, তাহলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে কোনো ধরনের আইনি বা রাজনৈতিক বাধা থাকবে না।
শনিবার দুপুরে জামালপুর জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে এবং এ প্রতীক ব্যবহারে কোনো আইনগত জটিলতা নেই বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, “জুলাই সনদের কোনো আইনগত ভিত্তি নেই। সরকারও তা বুঝে গেছে এবং আইনগত প্রক্রিয়া ছাড়া নির্বাচনের পথে এগোবে না।”
সারজিস আলম রাজনৈতিক দলগুলোর প্রতি কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সভায় এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।