৪৮ বছরের পুরনো নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন বিএনএ জামালপুর জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম রনি, বিএনএ জামালপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক অঞ্জনা আক্তার, সহ-সভাপতি খন্দকার মো. আতাউর রহমান, জেসমিন আক্তার, সিনিয়র স্টাফ নার্স মহসিনা আক্তার ও সুপ্রীতি দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘ ৪৮ বছরের ঐতিহ্যবাহী এই অধিদপ্তর বিলুপ্ত হলে নার্সিং শিক্ষা ও সেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা অবিলম্বে বিলুপ্তির অপচেষ্টা বন্ধের দাবি জানান এবং যোগ্যতা অনুযায়ী পদোন্নতি ও বেতন কাঠামো বাস্তবায়নের আহ্বান জানান।
মানববন্ধন শেষে বিএনএ নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, দাবিগুলো দ্রুত বিবেচনা না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।