জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮ নং মহাদান ইউনিয়নে সরকারি রাস্তার ইট চুরির মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
মহাদান ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড মাটিয়াজানি এলাকায় রাস্তার সংস্কার কাজের জন্য রাখা কয়েক হাজার ইট, রাতের আঁধারে গায়েব করে দেয় স্থানীয় একটি অসাধু মহল।
আজ শুক্রবার (৩রা এপ্রিল) স্থানীয় সূত্রে জানা যায়, মহাদান ইউনিয়নের মাটিয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৮২০ মিটার রাস্তা কার্পেটিং করার জন্য প্রায় ৮২ লক্ষ টাকা বাজেট বরাদ্দ হয়। সংস্কার কাজের অংশ হিসেবে গত ৩০ মার্চ রাস্তার পুরনো ইটগুলো তুলে বক্স কাটিং করার উদ্দেশ্যে রাস্তার দুই পাশে স্তূপ করে রাখা হয়েছিল। পরিকল্পনা ছিল—এই ইটগুলো ভেঙে পরবর্তীতে খোয়া হিসেবে ব্যবহার করা হবে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে স্তূপ করে রাখা ইটগুলো গত রাতে স্থানীয় কিছু প্রভাবশালী ও অসাধু ব্যক্তি যার যার বাড়িতে নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সচেতন মহলের উপস্থিতিতে আজ সকালে মাটিয়াজানি গ্রামের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় কয়েক হাজার ইট উদ্ধার করা হয়।
গ্রামের সাধারণ মানুষের দাবি, জনবহুল এই রাস্তার কাজের ইট চুরির মাধ্যমে সরকারি সম্পদ আত্মসাতের চেষ্টা করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা বলেন, “সরকারি বাজেট মানে আমাদেরই ট্যাক্সের টাকা। রাতের অন্ধকারে এভাবে সরকারি ইট হরিলোট করা অত্যন্ত লজ্জাজনক। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
উদ্ধারকৃত ইটগুলো বর্তমানে নির্ধারিত স্থানে পুনরায় রাখা হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে লুণ্ঠিত ইট উদ্ধারের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।