মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়া ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজিত জনতার গণধোলাইয়ে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত মধ্য রাতে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ চালানো হয়। তবে দীর্ঘ সময়েও তার সন্ধান পাওয়া যায়নি।
পরে রাত প্রায় ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হতে পারে।
ঘটনার পর সন্দেহভাজন হিসেবে স্থানীয়রা পিতাপুত্রসহ তিনজনকে আটক করে গণধোলাই দেয়। এতে অটোচালক পান্নু মিয়া (৩৫) ও তার ভাই ফজলু (২৮) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুল (২০)কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়রা তিনজনকে গণপিটুনি দেয়, এতে দুইজনের মৃত্যু হয়েছে।
ওসি মো. ইকরাম হোসেন বলেন, “শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে গণধোলাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।