দিনাজপুরের নবাবগঞ্জে পাওনার ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্রেতার রডের আঘাতে মোশারফ হোসেন (৪০) নামের এক দোকানির মৃত্যু হয়েছে। এঘটনায় ৩ জনকে আটক করছে থানা পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা বিনোদনগর ইউনিয়নের চকধুলু নারায়নপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন ওই গ্রামের মোতাহার হোসেন এর ছেলে।
পুুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে চকধুলু নারায়নপুর গ্রামের তফিজ উদ্দিনের ছেলে নুরনবী দোকানে খরচ করার জন্য আসে। এসময় দোকানী মোশারফ হোসেন পূর্বের ২০ টাকা বাকি পরিশোধ করতে বলেন। এর পর ক্রেতা নুরনবীর সাথে মোশারফ হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে নুরনবী রড দিয়ে মোশারফ হোসেনের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম জানান, এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের সহ তিন জনকে আটক করা হয়েছে। মামলার প্রধান আসামি নুরনবীকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।