চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আগামীকাল বুধবার(১৪ মে)।একক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি বিশ্বের সবচেয়ে বড় সমাবর্তন হতে যাচ্ছে। এই সমাবর্তন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ ডিগ্রি প্রদান করা হবে। একইসাথে সমাবর্তন বক্তাও থাকবেন তিনি।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই ড. ইউনূসের প্রথম চট্টগ্রাম সফর। এ সফর এবং সমাবর্তন ঘিরে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেজেছে নতুন রূপে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে সনদ নেবেন প্রায় ২৩ হাজার সমাবর্তী। শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিসহ প্রায় ২৫ হাজার লোকের সমাগম হবে। এদিকে সকালে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বহু প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা।