স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন গণসংযোগ ও প্রচার-প্রচারণা জোরদার করেছেন।
প্রতিদিনই তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১০ এপ্রিল) তিনি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দমদমা জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় হাজী আশরাফ উদ্দিন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি এই গ্রামেরই সন্তান, আপনাদেরই একজন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন, তাহলে আপনাদের সমর্থন ও দোয়া কামনা করছি। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব, ইনশাআল্লাহ।
দমদমা জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমেদ বাবুল তার বক্তব্যে বলেন, “হাজী আশরাফ উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে রয়েছেন। তিনি নিয়মিত মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজখবর নিচ্ছেন। আমার দৃষ্টিতে তিনি দল-মত নির্বিশেষে একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। গরিব-দুঃখী মানুষ তার কাছে গেলে কেউ খালি হাতে ফেরে না। আমরা চাই, সবাই মিলে তাকে সমর্থন দিই, যাতে তিনি নির্বাচিত হয়ে এলাকার অসহায় ও সাধারণ মানুষের পাশে আরও শক্তভাবে দাঁড়াতে পারেন।”
এ সময় স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হাজী আশরাফ উদ্দিন দমদমা জামে মসজিদের জন্য ৪টি এয়ার কন্ডিশনার (এসি) প্রদান করেন। তার এই উদ্যোগে মুসল্লিদের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, হাজী আশরাফ উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তার নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে।