নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ শনিবার (১১ এপ্রিল) র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বন্দর উপজেলার কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে র্যাব-১১ সিপিএসসি’র একটি দল তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাহবুবুর রহমান সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সোনারগাঁসহ আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র পরিচালনা করে আসছিলেন।
র্যাবের তথ্যমতে, তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায় ও জমি দখলসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ ও গজারিয়াসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাকে আইনের আওতায় এনে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁথানায় হস্তান্তর করা হয়েছে।