চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলার পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে পৌর এলাকার আলীনগর উচ্চ বিদ্যালয় চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কমিউনিটি রেডিও এসোসিয়েশনের সহযোগিতায় কমিউনিটি রেডিও ‘রেডিও মহানন্দা ’ এ আয়োজন করে।
রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলিয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয়প্রধান অতিথি ছিলেন সরকার বিভাগের উপ-পরিচালক
উজ্বল কুমার ঘোষ।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার, জেলা গ্রাম আদালতের জেলা ম্যানেজার শফিকুর রহমান, আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতাহার আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম ফারুক মিথুন।
উৎসবে কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক বইয়ের স্টল, সাংস্কৃতিক পরিবেশনা, গম্ভীরা ভিডিওচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার নারী, কিশোরী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, নারীদের জেন্ডার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে অবহিত করাই ছিল এ উৎসবের মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে নারীরা তাদের অধিকার, বিচারপ্রাপ্তির পথ এবং গ্রাম আদালতের বিভিন্ন সেবা সম্পর্কে সহজেই জানতে পারছেন।