জামালপুরে পৃথক দুইটি বজ্রপাতের ঘটনায় জেলে শামীম (৩৮) ও কিশোর শ্রমিক সাগর (১৩) নিহত হয়েছেন।
বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত ঘটে যাওয়া এসব ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের টোংরাপাড়া এলাকার বাসিন্দা শামীম, মরহুম হাজী মোহাম্মদ আলী মেম্বারের কনিষ্ঠ পুত্র। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে শামীম কয়েকজন সহকর্মী জেলের সঙ্গে নদীতে শিবজাল নিয়ে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সহকর্মীরা নদীতে জাল ভাসতে দেখে কাছে গিয়ে তার নিথর দেহ উদ্ধার করে পরিবারকে খবর দেন।
অন্যদিকে, একই দিনে সাপধরি ইউনিয়নে সড়ক নির্মাণকাজে নিয়োজিত অবস্থায় বজ্রপাতে সাগর (১৩) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়। সে দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া গ্রামের বাসিন্দা স্বাধীন মিয়ার ছেলে। কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই দুইটি মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।