মুন্সীগঞ্জ পৌরসভার করবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত ও কর পুনঃনির্ধারণের দাবীতে নাগরিক বন্ধন ও গণসাক্ষর কর্মসূচী হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪মে) বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। এ নাগরিক বন্ধন ও গণসাক্ষর কর্মসূচী আয়োজন করেন জেলা শহরের সামাজিক সংগঠন নাগরিক বন্ধু- মুন্সীগঞ্জ। এতে পৌরসভার বিভিন্ন শ্রেণিপেশা ও সংগঠনটির সদস্যরাসহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ শহরের সামাজিক সংগঠন নাগরিক বন্ধু’র আহবায়ক মু. মাসুদ রানা’র সভাপতিত্বে এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন বেপারী, সাবেক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক আশরাফুল ইসলাম মিশু, অ্যাডভোকেট রাইছুল ইসলাম, জুলাই যোদ্ধা রায়হান রাব্বি প্রমুখ।
এ সময় বক্তরা পৌরকর্তৃপক্ষের উদ্দেশ্য করে বলেন, আমাদের কথাগুলো আপনারা সাধারণ ভাবে নিবেন না। আমাদের দাবীগুলো মুন্সীগঞ্জ পৌরসভার প্রতিটি নাগরিক সম্পৃক্ত ও সমর্থন রয়েছে। অতএব আমরা যে দাবীগুলো করছি, তার জন্য পৌরসভার সিনিয়র নাগরিকদের নিয়ে একটি কমিটি করে পরবর্তী সিদ্ধান্ত করতে হবে। তা-নাহলে আমরা পৌরকর বন্ধ করে দিবো।